এক নম্বর অলরাউন্ডার হতে চান মিরাজ
May 19, 2025, 4:15 PM
এগোতে এগোতে মেহেদী হাসান মিরাজ এখন আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার সামনে কেবল রবীন্দ্র জাদেজা। মিরাজের রেটিং পয়েন্ট ৩২৭ আর জাদেজার ৪০০। এই ব্যবধান মেটানো অসম্ভব মনে হচ্ছে না মিরাজের।
টেস্টে ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় আজ (মঙ্গলবার) মিরপুরের একাডেমি মাঠের সামনে মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। সেখানেই প্রথমবার অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই উঠে আসা আর জাদেজাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মিরাজ বললেন, ‘‘অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। (অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে) এক নম্বরে উঠতে পারলে আরও ভালো লাগবে।’’
৫৩ টেস্টে ২ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে মিরাজ করেছেন ২০৬৮ রান। বোলিংয়ে নিয়েছেন ২০৫ উইকেট। টেস্টে ৪০০ উইকেট ও ৫ হাজার রানের এলিট ক্লাবে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মিরাজ বললেন, ‘‘অবশ্যই লক্ষ্য থাকে অনেক ওপরে যাওয়ার। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ফিট থেকে ভালো খেলতে হবে। তবে সেভাবে বিশাল (৪০০ উইকেট ও ৫ হাজার রান) চিন্তা করছি না। ছোট ছোট লক্ষ্যে সামনে এগোনোর চেষ্টা করছি।’’
টেস্টে বাংলাদেশের হয়ে ৭১ ম্যাচে সবচেয়ে বেশি ২৪৬ উইকেট সাকিব আল হাসানের। তাইজুল ইসলামের উইকেট ২২৮ আর মিরাজের ২০৫টি। সাকিব আর তাইজুলকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার লক্ষ্য নিয়ে মিরাজ জানালেন, ‘‘এমন মাইলফলক (টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী) হলে তো ভালোই লাগবে। যেকোনো সংস্করণই হোক, বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তা অনেক ভালো লাগার ব্যাপার।’’