EN

আসিফ দেখাচ্ছেন আইন, ইশরাক দেখছেন কুচক্র

আসিফ দেখাচ্ছেন আইন, ইশরাক দেখছেন কুচক্র May 20, 2025, 10:39 AM

রাষ্ট্র ক্ষমতায় পালাবদলের পর আদালতের রায়ে চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে এখন বিএনপি নেতা শাহাদাত হোসেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে আদালতের রায় আসে।

গত মার্চে আদালতের সেই রায় হলেও ইশরাককে শপথ পড়ানোর কোনও উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির সমর্থকরা নেমেছে কর্মসূিচতে। তাদের অবরোধের মুখে এক সপ্তাহ ধরে ডিএসসিসির নগর ভবনে কোনও কাজ হচ্ছে না।

তাদের সেই কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ছবিতে জুতাপেটাও করা হয়েছে। কারণ তাদের অভিযোগ, জুলাই আন্দোলনের এই নেতাই ইশরাকের পদে অধিষ্ঠান আটকে রেখেছেন।

এতে আসিফ মাহমুদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন ফেইসবুকে; সেখানে তিনি মেয়র পদে ইশরাকের শপথ নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতাগুেলা তুলে ধরেন।

তার পাল্টায় ইশরাকও লিখেছেন ফেইসবুকে; তিনি দাবি করছেন, কুচক্র থেকে তাকে মেয়র পদে শপথ করানো হচ্ছে না। এর পেছনে রয়েছে অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফের আন্দোলনের সহযোদ্ধারা গত ফেব্রুয়ারিতে এনসিপি গড়ে তোলেন। আসিফের সঙ্গে উপদেষ্টা পরিসদে থাকা নাহিদ ইসলাম পদত্যাগ করে দলের দায়িত্ব নেন।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচন হয়েছিল। তখন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হয়ে মেয়রের চেয়ারে বসেছিলেন।

তখন পরাজিত প্রার্থী বিএনপির ইশরাক মামলা করেছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সব মেয়রকে বরখাস্ত করে, ডিএসসিসিতে বসানো হয় প্রশাসক।

তার আট মাস পর গত মার্চে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করে রায় দেয়। এরপর ইশরাক মেয়রের দায়িত্ব নিতে প্রস্তুতি নিলেও স্থানীয় সরকার বিভাগ শপথ অনুষ্ঠানের দিকে না এগোনোয় বিএনপি গত বুধবার থেকে গুলিস্তানে নগর ভবন অবরোধ করে রেখেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার এক সভায় সরকারের উদ্দেশে বলেন, “অতি অল্প সময়ের মধ্যে, আজকে-কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।”

আরও পড়ুন

← ফিরে যান